সড়ক দুর্ঘটনায় আহত রেলওয়ে শ্রমিক দলের নেতা এম আর মঞ্জু

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সাংগঠনিক সফর শেষে চট্টগ্রামে ফেরার পথে ঢাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভাগীয় সমন্বয়ক (চট্টগ্রাম) জিয়াউর রহমান জিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মঞ্জু ভাই কয়েকদিন ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাংগঠনিক ও নির্বাচনী সফরে অংশ নেন। সফর শেষে চট্টগ্রামে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।’

তিনি আরও বলেন, ‘আমরা এডভোকেট এম আর মঞ্জু ভাইয়ের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করছি।’