কাপ্তাইয়ের দেবতাছড়িতে আর্ন্তজাতিক মাসিক স্বাস্থ্য দিবস পালন

 

২০৩০ সালের মধ্যে মাসিককে জীবনের একটি স্বাভাবিক বিষয় গড়ে তোলা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার ( ২৯ মে) বিকেলে “আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যত” প্রকল্পের কর্মএলাকা কাপ্তাই উপজেলার ওয়াগগা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি কিশোরী ক্লাবে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, ছোট পাগলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানোদয় তনচংগ্যা, উত্তর দেবতাছড়ি কারবারী রাজচন্দ্র তনচংগ্যা, ওএলএইচএফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিলারী ত্রিপুরা, অ্যাডভোকেসি অফিসার মিলন চাকমা, ট্রেইনার এপ্পি চাকমা, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর প্রমিলা তনচংগ্যা , সুজাতা তনচংগ্যা, কিশোরী ক্লাবের মেন্টর ও কিশোরীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের শুরুতে একজন কিশোরী এমএইচ ডে এর ফ্যাক্টশীট পাঠ করে। অতিথিদের সামনে কিশোরীরা মাসিক স্বাস্থ্য বিষয় নিয়ে সৃজনশীল কার্যক্রম পোস্টার উপস্থাপনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও রুমন দে কিশোরীদের কার্যক্রমের প্রশংসা করেন। আগামীতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠতব্য কর্মসূচিতে কিশোরীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন । এর সাথে কিশোরীদের উপজেলার গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলেন।