মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনে শুরু রাঙ্গুনিয়ার রাস উৎসব

রাঙ্গুনিয়া উপজেলার শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে ৫ দিনব্যাপী রাস মহোৎসবের কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উত্তর সাবেক রাঙ্গুনিয়ার দীঘিপাড় এলাকায় অনুষ্ঠিত উদ্বোধনী দিনে অর্পিতা গুপ্তের একক পদাবলী কীর্তন ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীতাঞ্জলি পরিবেশিত হয়। এছাড়া বরিশালের বিশিষ্ট কীর্তনীয়া দিবাকর শিয়ালীর লীলা কীর্তন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

আজ সোমবারের আয়োজনে রয়েছে নৃত্যনাটিকা, ধর্মীয় সংগীতাঞ্জলি, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস, যার পৌরহিত্য করবেন পাবন গৌর হরি দাস।

পরে সভাপতি নির্মল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনায় অংশ নেবেন পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী ও রামানন্দ গোবিন্দ দাস ব্রহ্মচারী।

অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনে অংশ নেবেন চট্টগ্রামের শ্রী শ্রী গোঠের রাখাল সম্প্রদায়, নেত্রকোনার জয় বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, বরিশালের গোরা চাঁদ সম্প্রদায় এবং গোপালগঞ্জের ব্রজের গোপাল সম্প্রদায়।

উৎসব চলাকালীন প্রতিদিন ঠাকুরের রাজভোগ নিবেদন, মহাপ্রসাদ আস্বাদন ও রাসপূজার আয়োজন থাকবে। পাঁচদিনব্যাপী এই ধর্মীয় উৎসবের প্রতিটি পর্বে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে রাসবিহারী ধাম পরিচালনা পরিষদ।