ব্যাটল অব ব্যাচেস সিজন-৫’র ট্রফি ও জার্সি উন্মোচন

চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে আয়োজিত ‘ব্যাটল অব ব্যাচেস সিজন-৫’ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের মিলন, বন্ধুত্ব ও সৌহার্দ্যের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপুর সঞ্চালনায় ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সওয়েব উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর কল্লোল দাশ।

অনুষ্ঠানে প্রতিযোগিতার নীতিমালা ব্যাখ্যা ও দলগুলোর গ্রুপিং পরিচালনা করেন চট্টগ্রাম উইজার্ডের ক্রীড়া সম্পাদক সুমন সাহা এবং টুর্নামেন্ট সমন্বয়ক ও সংগঠনের সহ-সভাপতি সাইফুর জামান। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের প্রচার সম্পাদক রনি বড়ুয়া ও মো. নাইম।

এবারের আসরে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ঢাকার দুটি দলও রয়েছে। আগামী ২ অক্টোবর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চার সপ্তাহব্যাপী এ আয়োজনের ম্যাচগুলো প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বে ১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ পর্ব শেষে সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের আসরের চ্যাম্পিয়ন।

অনুষ্ঠানে চট্টগ্রাম উইজার্ডের সদস্য, টুর্নামেন্টের স্পনসর, অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও টিম ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।