চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যের অপসারণ দাবি, আনোয়ারায় বিক্ষোভ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক সোনাইছড়ি পাড় এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা এসব কর্মকাণ্ড বন্ধ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

বিক্ষোভকারীরা ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও ছিনতাই মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, শ্রমিক দল নেতা মো. সুমন, মো. ইদ্রিস, বদিউল আলম, মো. সোলেমান ও মো. একরাম। এ সময় ভুক্তভোগী হিসেবে দাবি করা মো. ওমর ফারুকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকার বাসিন্দা মো. ওমর ফারুক গত ২ আগস্ট ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেল (৩৫) এবং তাঁর দুই সহযোগী সাজ্জাদ হাসান (২৭) ও ওমর কাদের সুজাতের (২৫) বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা করেন। পরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

স্থানীয়দের দাবি, মামলাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’