‘আধুনিক, কর্মমুখী রাঙ্গুনিয়া গড়তে জনগণের ভোট চাই’
রাঙ্গুনিয়ায় গণজোয়ারে উচ্ছ্বসিত জামায়াত প্রার্থী রেজাউল
রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেছেন, ‘আজকের স্বতঃস্ফূর্ত গণজোয়ার বলে দিচ্ছে— আগামীর রাঙ্গুনিয়া হবে দাঁড়িপাল্লার রাঙ্গুনিয়া।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাঙ্গুনিয়াকে আধুনিক ও বাসযোগ্য উপজেলায় গড়ে তুলতে হলে সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের লক্ষ্য হবে— প্রতিটি গ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, প্রতিটি মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং আধুনিক যোগাযোগব্যবস্থা তৈরি করা। যাতে মানুষ ঘর থেকে বের হলে কাদা, ধুলো বা ভাঙা রাস্তার দুর্ভোগে না পড়ে।’
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বড় মোলানা সাহেব ও শাহ সাহেবের কবর জিয়ারত করেন এবং এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
ডা. রেজাউল করিম আরও বলেন, ‘রাঙ্গুনিয়ার যুব সমাজকে কর্মশক্তিতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা অপরিহার্য। দক্ষতা উন্নয়নের মাধ্যমেই তরুণরা আত্মনির্ভর হতে পারবে, বেকারত্বও কমবে। পুরো রাঙ্গুনিয়ার তরুণদের জন্য আমরা বাস্তবসম্মত কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ চালু করতে চাই।’