বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। আগামী নির্বাচনে ধানের শীষ আমাদেরই থাকবে ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে সীতাকুণ্ড পৌরসদরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপির নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় জানানো হয়। তারই ধারাবাহিকতায় আবারও ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘দলের নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা আর উচ্ছ্বাসই রাজনীতির মূল শক্তি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম বলেই তারা আমাকে আন্তরিকভাবে ভালোবাসে। আমিও সীতাকুণ্ডবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। সামনে আরও বেশি সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে কর্মমুখর সীতাকুণ্ড গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, পৌর বিএনপি সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সলু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন, মোজাহের উদ্দিন আশরাফ, আইনুল কামাল, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, মোস্তাফিজুর রহমান হিরু, খোরশেদ আলম মেম্বার, মুক্তিযোদ্ধা মহরম আলী, কোরবান আলী সাহেদ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, বেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন, জিয়াউদ্দিন, মো. ইসমাইল, বাবলু প্রমুখ।