কেকা ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিআরএসসি ওয়ারিয়ার্স

কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা) আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এক্স-ক্যাডেটদের দল সিআরএসসি ওয়ারিয়ার্স। রানারআপ হয় এমইএস কলেজের ওসিইসিএফ কিং।

শুক্রবার নগরীর খুলশীর স্টেডিয়াম এক্স-এ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কেকার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এমইএস কলেজ, হাজেরা তজু ডিগ্রি কলেজ, কর্মাস কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হাটহাজারী কলেজ, টিম কেকা ও চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজসহ কেকার বর্তমান ও সাবেক ক্যাডেটদের দল।

টুর্নামেন্টে সিআরএসসি ওয়ারিয়ার্সের গোলরক্ষক আরাফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যান অব দ্য ম্যাচ হন ওসিইসিএফ কিং-এর জমির এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন সিআরএসসি ওয়ারিয়ার্সের আতিক।

খেলায় অতিথি ও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।