পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহ-সভাপতি হাসান মুকুল, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ, নির্বাহী সদস্য সজল চৌধুরী ও মোহন মিন্টু।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে কাজী আবুল মনসুর বলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সবসময় সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফোরামের সদস্যদের জন্য একটি আবাসন প্রকল্প গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে ফোরাম সবসময় সচেষ্ট রয়েছে।
আলোচনা শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।