বিএনপির ডা. শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা ইসির

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে। মঙ্গলবার রাতে ইসির নির্বাচন প্রশাসন শাখা একটি সংশোধনী বিজ্ঞপ্তি জারি করে এ ঘোষণা দিয়েছে।

এর আগে, ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল ড. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে ঘোষণা করে। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে মামলার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ রায় প্রদান করে।

এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম মঙ্গলবার রাতে জানান, “আদালতের রায়ের পর আমরা আইনি দিকগুলো যথাযথভাবে যাচাই করেছি। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদের ক্ষেত্রে সংশোধন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”

ইসির সংশোধনী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনি ট্রাইব্যুনালের ১ অক্টোবরের আদেশ অনুযায়ী চসিক নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়েছে।

সংশোধন বিজ্ঞপ্তিতে ২০২১ সালের ৩১ জানুয়ারির গেজেটে উল্লেখ করা নির্বাচনের ফলাফলের ১ নম্বর কলামের ১ নম্বর ক্রমিকের বিপরীতে ২ নম্বর কলামে ‘মো. রেজাউল করিম চৌধুরী’র পরিবর্তে ‘শাহাদাত হোসেন’ এবং ৩ নম্বর কলামে ‘বাংলাদেশ আওয়ামী লীগের’ পরিবর্তে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

নির্বাচনের ফলাফল নিয়ে ২৪ ফেব্রুয়ারি ২০২১ সালে শাহাদাত মামলা করেন। তার অভিযোগ ছিল, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে ইসি কর্মকর্তারা ‘কারচুপি’ করেছেন। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন দাবী করেন।

মামলার এজাহারে শাহাদাত আরও অভিযোগ করেন, তিনটি ভোটকেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হলেও তিনদিন পর ২৮টি কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হয়—যা তিনি অবিশ্বাস্য ও অকল্পনীয় বলে উল্লেখ করেন।