চট্টগ্রামের ডিসিসহ ১০ জেলা প্রশাসকের যুগ্মসচিব পদে পদোন্নতি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ দেশের ১০ জন জেলা প্রশাসক (ডিসি) যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে একদিনে মোট ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রথম প্রজ্ঞাপনে ১৭২ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও সরকারি দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া ১০ জেলা প্রশাসক হলেন— গাজীপুরের মো. নূরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ এবং পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে এখনো কোনো আদেশ জারি হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে পারবেন। এছাড়া পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সরকার সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে মূলত ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হলেও, পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।