জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের প্রচার-সম্পাদক সাদিয়া আফরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাদিয়া আফরোজ জানান, শনিবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকাল ৮টায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া তিনি ২১ দফা দাবিরও অন্যতম প্রণেতা ছিলেন। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রবক্তা হিসেবেও ইতিহাসে তার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।
১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং আলোচনা সভা।
আওয়ামী লীগের পক্ষ থেকেও শনিবার সকাল সাড়ে ৮টায় মরহুমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।