মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর : বিশিষ্ট পার্লামেন্টারিয়ান শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুসলিম জাতীয়তাবাদের উত্থান, ইতিহাস-ঐতিহ্যের বিকাশ ও ইসলামী শিক্ষা-সংস্কৃতি ভাবধারার সমৃদ্ধি সাধনে বিশিষ্ট পার্লামেন্টারিয়ান শহীদ সালাহ্ উদ্দীন চৌধুরীর অসাধারণ ভূমিকা রয়েছে। তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ও সর্বদা আলোচিত ব্যক্তিত্ব।

তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার ও অস্থায়ী প্রেসিডেন্ট শহীদে মিল্লাত এ কে এম ফজলুল কাদের চৌধুরীর জ্যৈষ্ঠ পুত্র। তিনি ১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাই শৈশব থেকেই তিনি রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেন।

তিনি পাকিস্তানের ভাওয়ালপুরের সাদিক পাবলিক স্কুল, ঢাকার নটর ডেম কলেজ ও পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখেন। তিনি ১৯৭৯ সালে ২য় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়নে চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনে, ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি’র মনোনয়নে চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে, ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-এনডিপি’র মনোনয়নে চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে, ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনে, ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনে এবং ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নে চট্টগ্রাম ৪ (ফটিকছড়ি) আসনে এমপি নির্বাচিত হন। তিনি দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ১ম, ৪র্থ ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেননি। তবে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি নির্বাচনে কখনো পরাজিত হননি। কোনো না কোনো আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে ও রাজনৈতিক অঙ্গনে সর্বদা সরব ছিলেন। তিনি একই সাথে একাধিক আসন থেকেও এমপি নির্বাচিত হয়েছিলেন।

জাতীয় পার্টি সরকারের সময়ে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ত্রাণ ও পুনর্বাসন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

দেশের অগ্রগতি ও জাতির কল্যাণে সর্বদা নিবেদিত প্রভাবশালী এই নেতার দীর্ঘ সংসদীয় জীবনে তাঁর পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য, রাজনৈতিক অবস্থান, প্রতিপক্ষ কিংবা দলীয় নেতৃত্বের সাথে বিতর্ক, সম্প্রীতি, সৌহার্দ্য সব কিছুই তাঁর রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনায় স্থান পেয়েছে।

রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক দল বদল ছিল, এমনকি নিজেও ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-এনডিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। তবে সর্বাবস্থায় ইসলামী মূল্যবোধ, মুসলিম ঐক্য ও জাতিসত্তার সংহতি জোরদারে প্রেরণা সৃষ্টি করাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

ইসলামী মূল্যবোধ জাগরণে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশী রাজনীতির ধারক ও মুসলিম উম্মাহ্’র হৃদয়স্পন্দন এই নেতা বিএনপি সরকারের সময়ে ওআইসির মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থী হয়েছিলেন। তখন বাংলাদেশ থেকে মুসলিম বিশ্ব ও ইসলামী রাষ্ট্রগুলোর নেতৃত্ব দানে বিরোধিতাকারী এ দেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী মুসলিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের আহ্বান করে বাংলাদেশের প্রার্থীর সমর্থন প্রত্যাহারে ভূমিকা রাখেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং ইসরাঈলী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর যৌথ ষড়যন্ত্র ও কূটনৈতিক অপতৎপরতার পরও অল্প ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থী সালাহ্ উদ্দীন কাদের চৌধুরীকে হারানো হয়।

তিনি সংসদে যুগোপযোগী আইন প্রণয়ন, আইন সংশোধন ও আইন সংস্কারে ভূমিকা রাখেন। পাশাপাশি সংসদীয় এলাকা রাঙ্গুনিয়ার অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতিতে অসাধারণ অবদান রাখেন। তাঁর অন্য দু সংসদীয় আসন রাউজান ও ফটিকছড়ির উন্নয়নেও তিনি ভূমিকা রাখেন।

রাঙ্গুনিয়া সংসদীয় আসনে তাঁর প্রথম সংসদ সদস্যের সময়কালে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটায় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করেন। পরবর্তীতে তাঁর নির্দেশনায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক সমগ্র রাঙ্গুনিয়াকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। তিনি কর্ণফুলীর ভয়াবহ ভাঙ্গনের কবল থেকে মরিয়মনগর রক্ষায় প্রোটেকশন ড্যাম নির্মাণ দ্বারা নদীর স্রোতধারা পরিবর্তনের ব্যবস্থা করেন। পরবর্তীতে কর্ণফুলীর রাঙ্গুনিয়া অংশ অর্থাৎ চন্দ্রঘোনা-কদমতলী, মরিয়মনগর, পোমরা, বেতাগী, কোদালা, শিলক ও সরফভাটা ইউনিয়নের উপকূলীয় ভাঙ্গন এলাকায় সিসি ব্লক স্থাপনের ব্যবস্থা করেন এবং ভাঙ্গনোপক্রম অংশ গুলোতেও পর্যায়ক্রমে সিসি ব্লক স্থাপনে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।

বৃহত্তর শিলক থেকে কোদালা ইউনিয়ন, রাজানগর থেকে দক্ষিণ রাজানগর ও ইসলামপুর এবং হোসনাবাদ থেকে লালানগর ইউনিয়ন সৃষ্টিতে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তিনি খরস্রোতা ইছামতী নদীর উপকূলীয় স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন মিয়াজীপাড়ায় ও পৌরসভার বিভিন্ন ভাঙ্গন স্থানে সিসি ব্লক স্থাপনের ব্যবস্থা করেন এবং ভাঙ্গন সম্ভাবনাময় এলাকায়ও পর্যায়ক্রমে সিসি ব্লক স্থাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ গ্রাম ও সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা গ্রামে আশ্রয়ন প্রকল্প এবং পৌরসভার আদিলপুরে গুচ্ছগ্রাম সৃষ্টি করে ভূমিহীনদের স্থায়ী আবাসন ব্যবস্থা করেন।

তিনি উপজেলা ভিত্তিক একজন নিকাহ্ রেজিস্ট্রারের পদের স্থলে প্রতি ইউনিয়নে একটি এবং পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডে একটি নিকাহ্ রেজিস্ট্রারের পদ সৃষ্টিতে ভূমিকা রাখেন এবং সেই মতে রাঙ্গুনিয়ায় নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগদানে ভূমিকা রাখেন।

শিলক খালের মরমেরমুখ এলাকায় রাবার ড্যাম স্থাপন করে শিলক-পদুয়ার কৃষকদের ভাগ্যোন্নয়নে অভূতপূর্ব ভূমিকা রাখেন। তিনি উত্তর রাঙ্গুনিয়ায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘাগড়াখাল পুনঃখনন ও বৃহত্তর গুমাইবিল সংস্কারে হ্রদখাল, কুরমাইখাল ও ছড়াগুলো পুনর্খননের ব্যবস্থা করে কৃষিক্ষেত্রের উন্নয়নে অনন্য অবদান রাখেন। পৌরসভা ও উপজেলা সদরের কিছু ইউনিয়নে গ্যাস সংযোগ ব্যবস্থায় ভূমিকা রাখেন।

চন্দ্রঘোনা-বান্দরবান সংযোগ সড়কের সংস্কারসহ লিচুবাগান কর্ণফুলী খেয়াঘাটে ফেরি চালু করে আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখেন। তাঁর বিশেষ উদ্যোগে, রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে ও জাইকার অর্থায়নে কাপ্তাই সড়কস্থ ঘাটচেক-রাজারহাট-রাণীরহাট কালিন্দীরাণী সড়কের সম্প্রসারণ ও কার্পেটিংসহ রাজারহাট ইছামতী সেতু নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থা আরো এক ধাপ এগিয়ে যায়।

তিনি রাঙ্গুনিয়ার সকল ইউনিয়ন পর্যায়ের গ্রামীণ অবকাঠামোর সংস্কার এবং উন্নয়নে ভূমিকাসহ ইউনিয়ন, আন্তঃইউনিয়ন ও আন্তঃউপজেলা-জেলা পর্যায়ের ৭৭টি সড়ককে সড়ক অধিদফতরে তালিকাভুক্ত করে সড়কগুলোর উন্নয়নের আওতায় আনেন। পর্যায়ক্রমে সড়কগুলোর যুগোপযোগী সংস্কারে ব্রিকসলিন এবং অনেকগুলোর কার্পেটিং ব্যবস্থা করা হয়।

‘মরিয়মনগর চৌমুহনী থেকে রাণীরহাট-গাবতল ডিস্ট্রিক্ট কাউন্সিল (ডিসি) রোড’-এর যুগোপযোগী উন্নয়ন এবং সম্প্রসারণ কল্পে সড়কটি সড়ক ও জনপদ অধিদফতরে তালিকাভুক্ত করেন।

তিনি এ দেশে জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রদূত সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ‘রাণীরহাট ইছামতী সেতু’র ভিত্তি স্থাপন করেন এবং একই দিন চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের কাদেরনগরস্থ ‘কর্ণফুলী শাহ্ নেসারউল্লাহ্ সেতু’ উদ্বোধন করেন।

তিনি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাসহ ২০০৬ সালে উপজেলা কেন্দ্রীয় স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন।

২০০০ সালে রাঙ্গুনিয়া পৌরসভা সৃষ্টি হলে সরকার ভূমিকর বৃদ্ধি করে। তখন জনদাবীর প্রেক্ষিতে বর্ধিত কর হ্রাসকরণে ভূমিকা রাখেন। রাঙ্গুনিয়ার শিল্পায়ন সমৃদ্ধি ও শ্রমিকদের স্বার্থে কর্ণফুলী জুট মিলস্, ফোরাত-কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরী, ডিডিএফ ও ইস্টার্ন কেমিক্যাল ইণ্ডাস্ট্রিজ-এর উৎপাদন চালু রাখায় ভূমিকা রাখেন।

১৯৮৫ সালে প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শায়খ জায়িদ বিন সুলতান আল্ নাহিয়ান বাংলাদেশ সফর করেন। তখন প্রেসিডেন্ট এরশাদ এ দেশে একটি ইন্টারন্যাশনাল ইসলামিক ওয়েলফেয়ার ইনস্টিটিউট অ্যাণ্ড অরফানেজ প্রতিষ্ঠার জন্য সুলতান আল্ নাহিয়ানকে এক টাকা প্রতীকী মূল্যে বেতাগী ইউনিয়নের কাউখালী মৌজার ১২০ একর জমি প্রদান করেন। তখন সেখানে আমিরাতের রাজকীয় অর্থায়নে সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন করে অবকাঠামোর প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়। তবে সরকার পরিবর্তনের এক পর্যায়ে প্রজেক্টটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীতে আমিরাতের সংরক্ষিত এই রাজকীয় প্রজেক্টে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী সুলতান আল্ নাহিয়ান পরিবারের সাথে যোগাযোগ করেছিলেন।

তিনি শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন বরাদ্দের ব্যবস্থা করেন। সরকারী বরাদ্দে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একেএম ফজলুল কাদের চৌধুরী ফাউণ্ডেশনের অর্থায়নে পোমরায় সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ, পদুয়ায় নারিশ্চা আলহাজ্ব ফজলুল কাদের চৌধুরী আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অডিটোরিয়াম ও মিলনায়তন প্রতিষ্ঠা করেন। ফাউণ্ডেশনের অর্থায়নে বহু মসজিদ, মক্তব নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণ করা হয়।

একবিংশ শতাব্দীর প্রথম দশকে মরিয়মনগর চৌমুহনী-গাবতল সড়কস্থ মরিয়মনগর চৌমুহনীর প্রাচীন সেতুটি ধ্বসে পড়ে। তখন জরুরীভিত্তিতে তা পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা কর্তৃক জননেতা সালাহ্ উদ্দীন কাদের চৌধুরীকে অবহিত করা হয়। তখন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগ ও তৎপরতায় তিনি জরুরীভিত্তিতে সেখানে বেইলী ব্রীজ স্থাপনের ব্যবস্থা করে তা “রাঙ্গুনিয়া মানবাধিকার স্মারক সেতু” নামকরণ করে এর উদ্বোধন ফলক উন্মোচন করেন।

রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও জনহিতকর কর্মে অসাধারণ অবদানের কৃতজ্ঞতায় সম্প্রতি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা কর্তৃক মরিয়মনগর চৌমুহনী থেকে গাবতল পর্যন্ত সড়কটি (রোড আইডি : জেড ১৬১৭) “শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী সড়ক” নামকরণ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

বর্তমানে তাঁর সুযোগ্য সন্তান হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদে রাঙ্গুনিয়ার আইনশৃঙ্লা, উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে সরব ভূমিকা রেখে যাচ্ছেন।

শহীদ সালাহ্ উদ্দীন কাদের চৌধুরীর ছোট ভাই প্রবীণ রাজনীতিবিদ গিয়াসউদ্দীন কাদের চৌধুরী চট্টগ্রাম ৬ (রাউজান) আসনের সংসদ সদস্য। তাঁর অন্য ভাই মরহুম সাইফুদ্দীন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী ছিলেন। তাঁর বদান্যতায় রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারীতে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। কনিষ্ঠ ভাই জামাল উদ্দীন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী।

রাজনৈতিক অঙ্গনের বরেণ্য এই নেতার অসাধারণ প্রতিভা, মেধা, প্রজ্ঞা, বাগ্মিতা, পাণ্ডিত্য, দূরদর্শিতা ও সততার জন্য প্রতিপক্ষের নিকটও তিনি শ্রদ্ধাশীল ছিলেন। তবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালীন তাঁর পিতার অখণ্ড পাকিস্তানের স্বাতন্ত্র্য বজায় রাখার পক্ষে অবস্থান এবং তিনি তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ ও অবস্থানের কারণে রাজনৈতিক প্রতিপক্ষের বিরাগভাজনও ছিলেন। এক পর্যায়ে ২০১০ সালের ১৬ ডিসেম্বর ধর্মনিরপেক্ষ আওয়ামী সরকার তাঁকে গ্রেফতার করে। পরে মানবতাবিরোধী অপরাধের বিচারে তাঁকে আসামী করা হয় এবং ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তখন এ সকল রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করা হলে তাতেও মৃত্যুদণ্ড বহাল রাখা হয়৷ ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

লেখক: ইসলামী সাহিত্যিক, মানবাধিকার গবেষক ও সুশাসন সংগঠক
বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য।