চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড-এ (সিইউএফএল) সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারখানাটিকে পূর্ণ উৎপাদন সক্ষমতায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের বিষয়েও কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সোমবার (২২ জুন) আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশে বিদ্যমান সার কারখানাগুলোর মধ্যে কাফকো ছাড়া অন্য কোনো সার কারখানা সারা বছর চালু রাখা সম্ভব হয় না। গ্যাস সংকটের কারণে প্রায়ই উৎপাদনে বিঘ্ন ঘটে। গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকারের প্রথম অগ্রাধিকার বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় শিল্প-কলকারখানা এবং তৃতীয় সার কারখানা।’
তিনি বলেন, ‘সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর। স্থাপিত উৎপাদনক্ষমতার তুলনায় বর্তমানে উৎপাদন অনেক কম। কারখানাটি তুলনামূলক বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কম হয়। এ কারণে সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, ‘কারখানাটি যেন পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারে, সে লক্ষ্যে কী ধরনের প্রযুক্তিগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন তা নির্ধারণে বিশেষজ্ঞদের একটি দল নিয়ে প্রাথমিক পরিদর্শন করা হয়েছে।’
পরিদর্শনকালে মন্ত্রী কাফকো, সিইউএফএল ও ডিএপি সার কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সিইউএফএল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পৃথকভাবে প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, পরিচালক ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।