হাটহাজারী ভেঙে ‘হালদা থানা’, ফটিকছড়ি পাচ্ছে নতুন উপজেলা

চট্টগ্রামের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠা এবং ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, হাটহাজারী থানার কার্যক্রম আরও গতিশীল ও জনসেবাকে সহজলভ্য করতে নতুন ‘হালদা থানা’ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা।

একই বৈঠকে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে আরও দুটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

নতুন তিনটি উপজেলা যুক্ত হওয়ায় দেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৮টি। আর নতুন থানা প্রতিষ্ঠার ফলে থানার সংখ্যা বেড়ে হবে ৬৪০টি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নতুন থানা ও উপজেলা গঠনের পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার প্রশাসনিক আওতায় নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

নিকার বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন থানা ও উপজেলা প্রতিষ্ঠার ফলে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি সেবার পরিধি আরও সহজ ও কার্যকর হবে। বিশেষ করে হাটহাজারী ও ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমবে বলেও সংশ্লিষ্টদের ধারণা।