টানা ১১ বছর সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী

ব্যবসায়িক সাফল্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নিয়মিত কর পরিশোধের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। ধারাবাহিকভাবে গত ১১ বছর ধরে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছেন তিনি।

তাঁর ঘনিষ্ঠজনদের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শওকত আলী চৌধুরী ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও আইনানুগ পদ্ধতি অনুসরণ করে আসছেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আয় যথাযথভাবে কর নথিতে অন্তর্ভুক্ত করা হয় এবং নিয়ম অনুযায়ী সরকারকে কর পরিশোধ করা হয়।

ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক খাতেও সম্পৃক্ত রয়েছেন শওকত আলী চৌধুরী। শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প ও বীমাসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তাঁদের মতে, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখছে এসব প্রতিষ্ঠান।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন শওকত আলী চৌধুরী। বিশেষ করে ব্যাংকিং খাতে তাঁর অবদান উল্লেখযোগ্য। ইস্টার্ন ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি ব্যাংকটির নেতৃত্ব ও নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা পরিচালক। ১৯৯৩ সাল থেকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় ব্যাংকটির নীতিনির্ধারণ, কৌশলগত পরিকল্পনা ও করপোরেট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। তাঁর নেতৃত্বে ব্যাংকের পরিচালনা পর্ষদ করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং, অনলাইন সেবা ও প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা সম্প্রসারণে বিনিয়োগ বাড়িয়েছে। ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকটির ডিজিটাল রূপান্তর ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলের প্রশংসা করেন।

সংশ্লিষ্টদের মতে, ব্যবসায়িক উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতে নেতৃত্ব এবং নিয়মিত কর পরিশোধের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন মো. শওকত আলী চৌধুরী।