ইসলামিক জাগরণে আল্লামা বজলুর রহমান (রহ.) ছিলেন অনন্য পথিকৃৎ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, ইসলামিক তামাদ্দুনিক প্রসার এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ছিলেন এক অনন্য মূর্ত প্রতীক। ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে পরিচালিত ব্রিটিশবিরোধী আন্দোলন, খিলাফত আন্দোলন এবং এদেশে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের প্রচার-প্রসারে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বলেন, তিনি ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক সাধক, বিপ্লবী নেতা, অনলবর্ষী বক্তা, কবি, সাহিত্যিক, গোল্ড মেডেলপ্রাপ্ত হেকিম এবং একজন সফল সমাজ সংস্কারক। দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা এই মহান ব্যক্তিত্ব পবিত্র নগরী মক্কার মিনা মসজিদে খাইফে শায়িত রয়েছেন।

এই মহান আলেমের স্মরণে বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার), ১০ শাবান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দরবারে বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ)-এর বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯তম বার্ষিক সম্মেলন।

দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.)-এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচিতে খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান, খতমে গাউছিয়া শরীফ, হুজুর কেবলার জীবনী আলোচনা, ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।

বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯তম বার্ষিক সম্মেলনে আনজুমানের বিভিন্ন শাখা ও আন্তর্জাতিক শাখার পক্ষ থেকে দেশে অবস্থানরত ৪২ জন দায়িত্বশীলকে “বিশেষ সম্মাননা স্মারক” প্রদান করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওলানা শাহ নূর মুহাম্মদ আল কাদেরী, অধ্যাপক ড. মাওলানা আবদুল মাবুদ, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী, এডভোকেট এম ইকবাল হাসান, মাওলানা মুখতার আহমদ রজবী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবিদীসহ দেশবরেণ্য আলেম, রাজনীতিবিদ ও সমাজ ব্যক্তিত্বরা।

মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান রাশেদ। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন দরবারে বেতাগী আস্তানা শরীফের মোতাজ্জেম মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ। ধন্যবাদ বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ।

শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.)। উল্লেখ্য, আল্লামা বজলুর রহমান (রহঃ)-এর নামে প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ৩৫টি শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।