প্রেস ক্লাব ও সিইউজের ইফতার মাহফিল

চট্টগ্রামে সাংবাদিকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে : আবু সুফিয়ান

চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে যে সমস্যাগুলো বিরাজ করছে, সেগুলো আলাপ–আলোচনা ও আইনের ভিত্তিতে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

শনিবার (১৪ মার্চ) নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন আন্দোলন ও গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকরা সবসময় পাশে থেকেছেন। তাই সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌহার্দ্য সমাজকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারে।

দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন বলেন, আজকের এই আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এই ঐক্য ভবিষ্যতে আরও দৃঢ় হবে এবং চট্টগ্রামের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় এনসিপি নেতা জুবায়ের বলেন, সাংবাদিক সমাজ ভবিষ্যতে দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতা যেন সত্যিকার অর্থেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে পারে— এটাই সবার প্রত্যাশা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে যুগ্ম সম্পাদক মহসীন কাজী, প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যুরো প্রধানরা।

আলোচনা শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।