চট্টগ্রাম শহরে বসবাসরত সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার মানুষের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) স্থানীয় কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার কামাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অর্জনের জন্য ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন আহমেদ বলেন, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না।” তিনি ড. সুকোমল বড়ুয়াকে সাতকানিয়ার গর্ব উল্লেখ করে বলেন, তিনি দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক।
সংবর্ধিত অতিথি ড. সুকোমল বড়ুয়া তাঁর বক্তব্যে নিজের সংগ্রামী জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী।” তিনি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাজালিয়া সমিতির শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
শেষপর্যন্ত আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট ওসমান গনী খোকন, অ্যাডভোকেট শোয়েব আলী চৌধুরী, জালাল আহমেদ ও সমীর কান্তি চৌধুরী।