পবিত্র আশুরা-২০২৬ উপলক্ষে তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। এ লক্ষ্যে সোমবার (২২ জুন) বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উদ্যোগে অনুষ্ঠিত হয় নিরাপত্তা সমন্বয় সভা।
সভায় সিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। তাজিয়া মিছিলের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। তারা আশুরা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।