চট্টগ্রাম উইজার্ডের আয়োজনে ১২ দলের ক্রিকেট উৎসব

চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে আয়োজিত ‘ব্যাটল অব ব্যাচেস সিজন–৫’ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন অনুষ্ঠান আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সওয়েব উদ্দিন খান।

এবারের আসরে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের ১২টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ঢাকার দুটি দলও রয়েছে। আগামী ২ অক্টোবর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চার সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার ম্যাচগুলো প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়ার নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপুর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন সংগঠনের সহ-সভাপতি সাইফুজামান।

ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম উইজার্ডের সদস্য, টুর্নামেন্টের স্পনসর, অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও টিম ম্যানেজাররা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন ব্যাচের ১২টি দলের অংশগ্রহণে চার সপ্তাহব্যাপী এ আয়োজন ক্রিকেটপ্রেমীদের জন্য উৎসবমুখর ক্রীড়া আসরে পরিণত হবে বলে আশা করছেন তারা।