চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোট ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (দুপুরে) চট্টগ্রামের সিআরবি সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ পূর্ব ও পশ্চিম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেল ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের মুখপাত্র ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মনজু শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। তিনি দীর্ঘদিনের বকেয়া দাবি, কর্মপরিবেশের উন্নয়ন, পদোন্নতি, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।
সভায় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রেলওয়ে রানিং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কারিগর পরিষদের সাধারণ সম্পাদক এস কে বারীসহ মাস্টার কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শ্রমিক পক্ষ ও কর্তৃপক্ষের মধ্যে পূর্বে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় গৃহীত কার্যবিবরণীর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মহাপরিচালক শ্রমিক নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় ভবিষ্যতে শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।